অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর, ২০২৬: উত্তর জিলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সার্বিক নির্দেশনায় এবং শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর জয়নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সচেতনতামূলক সভার মূল বিষয়বস্তু ছিল এইচ.পি.ভি ভ্যাকসিন প্রয়োগ ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ উদযাপন। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা আধিকারিক (মেডিকেল অফিসার) ড. মৌটুসী দেববর্মা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্বাস্থ্য দপ্তরের একজন মাল্টি পারপাস ওয়ার্কার এবং দুইজন আশা কর্মী। অনুষ্ঠানে জয়নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচ.পি.ভি ভ্যাকসিনের প্রয়োজনীয়তা তুলে ধরে ড. মৌটুসী দেববর্মা জানান, সঠিক বয়সে এইচ.পি.ভি প্রতিষেধক গ্রহণের মাধ্যমে অত্যন্ত সহজেই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। সকল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার বিষয়ে তিনি বিশেষ জোর দেন।
পাশাপাশি, ‘আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ড. মৌটুসী দেববর্মা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক মানবিক ও জীবনমুখী বার্তা প্রদান করেন। তিনি বলেন, আমাদের জীবন অত্যন্ত মূল্যবান ও সুন্দর, অকারণ মানসিক চাপে পড়ে বা হঠকারী সিদ্ধান্তে একে নষ্ট হতে দেওয়া যায় না। সামাজিক ও ব্যক্তিগত জীবনের যেকোনো মানসিক সমস্যা বা হতাশাকে সমাজ ও পরিবারের মূল শিকড় থেকে কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে তিনি বিশদ আলোচনা করেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বন্ধুবান্ধব, শিক্ষক ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী স্বাস্থ্য দপ্তরের এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য রক্ষায় এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের মূল্যায়নের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। সম্পূর্ণ সচেতনতামূলক কর্মসূচিটি অত্যন্ত সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়। উত্তর ত্রিপুরা জেলার মুখ্য চিকিৎসা আধিকারিকের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।









