আগরতলা৷৷ রাষ্টবাদী দলের চুনোপুঁটি নেতার গুন্ডামি৷ নিরীহ শ্রমিকদের উপর বর্বর আক্রমণ৷ ঘটনা মঙ্গলবার রাত পৌণে বারোটা নাগাদ আসাম- আগরতলা জাতীয় সড়কের খয়েরপুরে৷
এদিন সন্ধ্যারাত থেকেই ঠিকাদারের অধীনে শ্রমিকরা রাস্তায় মার্কিং এর কাজ করছিলেন৷ পৌণে বারোটা নাগাদ টিআর০১বিভি০৩৯১ নম্বরের একটি প্রাইভেট কার এসে শ্রমিকদের কর্মস্থলে দাঁড়ায়৷ গাড়ি থেকে বের হয়ে আসেন রাষ্ট্রবাদী দলের এক চুনোপুঁটি নেতা৷ হাতে বিয়ারের ক্যান৷ বিনা প্ররোচনায় নিরীহ শ্রমিকদের সাথে উচ্চবাচ্য করতে থাকে৷ কোন কিছু বুঝে উঠার আগেই ওই চুনোপুঁটি নেতা শ্রমিকদের মারধর করতে থাকে৷ মুহুর্তের মধ্যেই হৈচৈ শুরু হয়ে যায়৷ শ্রমিকরা খবর পাঠায় ঠিকাদারের কাছে৷
খবর পৌঁছে বোধজংনগর থানায়৷ পুলিশের পেট্রোলিং টিম ঘটনাস্থলে যায়৷ ততক্ষণে ঘটনাস্থল থেকে কেটে পড়ে ওই বাহুবলী রাষ্ট্রবাদী চুনোপুঁটি নেতা৷ ঠিকাদার যখন পুলিশের সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চান তখন পুলিশের তরফে জানানো হয়ে ‘অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা৷ আলোচনা করে ঘটনা মিটমাট করাটাই ঠিক হবে৷’ পুলিশের এই ধরনের বক্তব্যে ঠিকাদার বিস্মিত৷









