২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা রাজ্য সরকার প্রগতিশীল ও দায়িত্বশীল: বনমন্ত্রী, ৪০ লক্ষ মানুষের বিকাশের জন্যই এই বাজেট: সংখ্যালঘু মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৭ মার্চ, ২০২৫। । সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। রাজ্য সরকার প্রগতিশীল ও দায়িত্বশীল। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে তা সময়োপযোগী। প্রস্তাবিত বাজেটের নতুন করে কোন করের প্রস্তাব করা হয়নি। বাজেটে বিশেষ করে নজর দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, কারিগরিশিক্ষা প্রভৃতি বিষয়ের উপর। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বিধানসভায় পেশ করা ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।

বিধানসভা অধিবেশনে প্রস্তাবিত বাজেট সমর্থন করে বনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় ২ লক্ষ ৭৭ হাজার ১৭০ জন কৃষক উপকৃত হয়েছেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৪২ কোটি ৬২ লক্ষ টাকা জমা করা হয়েছে। কৃষির উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে তিনি জৈব ও প্রাকৃতিক চাষে কৃষি দপ্তরের গুরুত্বের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, খোয়াই জেলা হাসপাতালে নতুন ভবন গড়ে তোলা হবে। মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার জল সংরক্ষণ করে পানীয়জল সরবরাহ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তেলিয়ামুড়ায় একটি এলিফেন্ট ওয়াচ টাওয়ার গড়ে তোলা হয়েছে।

বন ধূৎস রোধ করার জন্য ও বন খুংসকারীদের চিহ্নিত করতে ড্রোন দিয়ে নজরদারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ফরেস্ট মার্কেট তৈরী করা হবে। এই বাজারে স্থানীয় ব্যবসায়ীগণ ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। তিনি বলেন, বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে রাজ্য সরকার ত্রিপুরাকে ক্রমশ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।

২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট সমর্থন জানিয়ে সমবায়, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের প্রায় ৪০ লক্ষ মানুষের বিকাশের জন্যই এই বাজেট তৈরী করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু সহ সমাজের সব অংশের মানুষের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে।

সংখ্যালঘু অংশের মানুষের উন্নয়নকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াকফ সম্পত্তির উন্নয়ন ও সুরক্ষার জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম রূপায়ণের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলিতে আর্থ-সামাজিক পরিকাঠামোর উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি-মেট্রিক ও পোস্ট-মেট্রিক স্কলারশিপ খাতে ৯ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, দুঃস্থ সংখ্যালঘু পরিবারগুলির জীবনযাত্রার মানোন্নয়নের জন্য নতুন একটি প্রকল্প চালু করার প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরে প্রাথমিকভাবে ১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ বিধানসভা অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় ট্রজারি বেঞ্চের আরও ১১ জন বিধায়ক অংশ নেন। বাজেট প্রস্তাবকে সমর্থন জানিয়ে সরকার পক্ষের মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় বলেন, কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য বিরাট কর ছাড়ের সংস্থান রেখেছে।

রাজ্যের মধ্যবিত্তদের পক্ষ থেকে এজন্য তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজ্যের প্রস্তাবিত বাজেটে জনগণের মনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। তিনি কিষাণ সম্মাননিধি, ফসল বীমা যোজনা, সহায়ক মূল্যে ধান ক্রয়, সুপার খাটি প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই বাজেট জনকল্যাণমুখী। বিধায়ক পাঠানলাল জমাতিয়া বাজেট সমর্থন করে বলেন, প্রস্তাবিত বাজেট সব অংশের মানুষের উন্নয়নের জন্যই করা হয়েছে।

বিধায়ক সুবোধ দেববর্মা প্রস্তাবিত বাজেট সমর্থন জানিয়ে জনজাতি উন্নয়ন, বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরেন। বিধায়ক তফাজ্জল হোসেন প্রস্তাবিত বাজেট সমর্থন করে বলেন, প্রায় ৪০ লক্ষ মানুষের কল্যাণে এই বাজেট তৈরী করা হয়েছে। বিধায়ক পিনাকী দাস চৌধুরী প্রস্তাবিত বাজেট সমর্থন করে বলেন, রাজ্য সরকার মানুষের জন্য কাজ করছে। এই বাজেট সময়োপযোগী। এর সুফল মানুষ পাচ্ছেন।

প্রস্তাবিত বাজেট সমর্থন করে বিধায়ক পল দাংশু বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে গত আর্থিক বছরের তুলনায় ১৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। ত্রিপুরা অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে আরও বিকশিত হোক। বিধায়ক রামপদ জমাতিয়া বাজেটকে সমর্থন জানিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয়জল সরবরাহ প্রতিটি ক্ষেত্রেই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

তিনি আশা প্রকাশ করেন প্রস্তাবিত বাজেটে বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে উন্নত ত্রিপুরা গড়ে উঠবে। বিধায়ক সঞ্জয়মানিক ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরে প্রস্তাবিত বাজেট সমর্থন করেন। বিধায়ক ফিলিপ কুমার রিয়াৎ প্রস্তাবিত বাজেট সমর্থন করে বলেন, এই বাজেট ভবিষ্যতের রোড ম্যাপ।

বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াৎ বিদ্যাজ্যোতি প্রকল্প, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, ব্লু শরনার্থী সমস্যার সমাধানের কথা উল্লেখ করে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরেন। বিধায়ক যাদবলাল নাথ প্রস্তাবিত বাজেট সমর্থন করে বলেন, এই বাজেট শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নয়নের বাজেট।

Recent Posts