অনলাইন ডেস্ক, ২৯ মার্চ, ২০২৫। । আগামী ১৯ এপ্রিল থেকে ধর্মনগরে শুরু হবে বইমেলা। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। বইমেলাকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি রাণী দাস সেন, জেলাশাসক ও সমাহর্তা চান্দনী চন্দ্রন, অতিরিক্ত জেলাশাসক এল দার্লং, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ, ডি.এফ.ও. সুমন মল্ল ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৯ এপ্রিল থেকে ধর্মনগরের বি.বি.আই মাঠে অনুষ্ঠিত হবে পাঁচদিনব্যাপী বইমেলা। মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, কবি সাহিত্যিকদের আলোচনাসভা। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার আয়োজন করা হবে।









