অনলাইন ডেস্ক,২৪ এপ্রিল, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে গতকাল জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিষ্ণুধন দাস। সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগণ।
সভায় শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক জানান, পূর্ববর্তী সভার প্রস্তাব অনুসারে জিরানীয়া ব্লকের শচীন্দ্রনগর ও পুরাতন আগরতলা ব্লকের তুলাকোনা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার জন্য দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জিলা পরিষদ থেকে গান্ধীগ্রাম রাজনগর বিদ্যালয়টির সংস্কারের জন্য ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।
এই অর্থ ব্যয়ে বিদ্যালয়টির সংস্কার করা হয়েছে বলে শিক্ষাদপ্তরের আধিকারিক সভায় জানান। শিক্ষা আধিকারিক সভায় জানান, চলতি অর্থ বছরে জেলার ৪৩টি বিদ্যালয় সংস্কারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে সমগ্র শিক্ষার বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত তুলাকোনা উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য এবছর সাড়ে ২২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলেও আধিকারিক সভায় জানান।
সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিক সভায় জানান, আগামী ২৮ এপ্রিল বামুটিয়া ব্লকের দুগাঙ্গি পঞ্চায়েতে এবং ৩০ এপ্রিল পুরাতন আগরতলা ব্লকের মেঘলিপাড়া পঞ্চায়েতে বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা জানান, আগামী মাসে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র উৎসব, নজরুল জন্মজয়ন্তী, লালন উৎসব, ভীষ্মদেব স্মৃতি নাট্য উৎসব এবং চা-উৎসবের আয়োজন করা হবে।
সভায় জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বাল্যবিবাহ, নেশামুক্ত ত্রিপুরা গঠন, বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সুরক্ষিত রাখা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর পরামর্শ দেন। অভিযানের প্রথম পর্যায়ে আগামী ৫ মে বামুটিয়া ব্লকের শ্যামাপ্রসাদ মুখার্জী হলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









