প্রগতি ত্রিপুরা, ০২ জুলাই, ২০২৬: গন্ডাতুইসা নারিকেলকুঞ্জের হেলিপেড মাঠে আজ বিকেলে তৃতীয় রাজ্যভিত্তিক আম উৎসবের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। চারা গাছে জল সিঞ্চন করে একদিনের এই আম উৎসবের সূচনা করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, আম উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থানে রয়েছে। দেশে হেক্টর প্রতি আমের গড় উৎপাদন ৯.৫ মেঃটন। গন্ডাতুইসাতে আমের গড় উৎপাদন হেক্টর প্রতি প্রায় ১ মেঃটন। সারা রাজ্যে বর্তমানে ১০,০০০ হেক্টর জমিতে আম চাষ হয়। তার মধ্যে গন্ডাতুইসাতে ৩০০০ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। তিনি আরও বলেন, আম চাষিদের আয় বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে আজ একটি কোল্ড চেম্বার এখানে উদ্বোধন করা হয়। যেখানে ১০-১২ দিন পর্যন্ত ফল সংরক্ষণ করে বিপনন করা যাবে। উল্লেখ্য, কৃষিমন্ত্রী আজ এই কোল্ড চেম্বারটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরার ক্যুইন আনারস থেকে প্রসাধনী সামগ্রী, উন্নত তন্তু উৎপাদন সম্ভব। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ক্যুইন আনারস রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে। ভবিষ্যতে ত্রিপুরার আনারস, আম ইত্যাদি ফলের উৎপাদন বৃদ্ধি করার জন্য বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ডুম্বুর জলাশয়ের জল ব্যবহার করে ১১ মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিপিআর তৈরী করা হচ্ছে। পতিত জমি ফেলে না রেখে হলুদ, আদা, ফল চাষে যুক্ত হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিধায়ক নন্দিতা দেববর্মা (রিয়াং) বলেন, রাজ্যের বর্তমান সরকার সকল অংশের জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রইস্যাবাড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার জমাতিয়া। মেলা উপলক্ষ্যে ৩৫টি প্রদর্শনী স্টল খোলা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া।




