মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে: শিল্পমন্ত্রী

০৩ জুলাই, ২০২৬: মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আজ পেঁচারথল ব্লকের বিপিআরসি হলে আয়োজিত পেঁচারখল বিএসি’র এক বিশেষ বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন। তিনি বলেন, সময়মতো যাতে কাজ শেষ হয় এবং কাজের গুণগত মান যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিল্পমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যেও সেই লক্ষ্যে কাজ হচ্ছে। এবিষয়ে ব্লকগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের সিইও টি কে চাকমা বলেন, বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার লক্ষ্যে টিআরএলএম কাজ করে চলেছে। পিছিয়েপড়া অংশের মানুষদের বিশেষ করে মহিলাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হবে। সভায় এছাড়া বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। সভার শুরুতে পেঁচারখল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী বলেন, গত ৩০ জুন পর্যন্ত ব্লকে এমজিএন রেগায় পঞ্চায়েত উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রার ৭৯.৯৫ শতাংশ কাজ হয়েছে। তিনি পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে ব্লকের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, নির্মাণ কাজ, সংস্কার কাজের তথ্য তুলে ধরেন। সভায় এছাড়া উপস্থিত ছিলেন পেঁচারখল বিএসি’র চেয়ারম্যান সজল চাকমা, ডিএফও অভিজিৎ দে, মহকুমা শাসক এন এস চাকমা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে