০৬ জুলাই,২০২৬: নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ময়দানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ফুটবল প্রতিযোগিতা আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে। কাঞ্চনপুর মহকুমার তিনটি ব্লকের ২৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জোনাল পর্যায়ের খেলাগুলি কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন জোনে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ময়দানে অনুষ্ঠিত হবে।
নক আউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। যুব সমাজকে মাদকের কুফল থেকে দূরে রেখে খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখার কাজ আরও বেশি করে করতে হবে। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। বিধায়ক ফিলিপ কুমার রিয়াং বলেন, সুস্থ, সুশৃঙ্খল ও নেশামুক্ত জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগে যুবকদের ব্যাপক অংশগ্রহণের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষকেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা পরিষদের সদস্য শৈলেন্দ্র নাথ। উপস্থিত ছিলেন লালজুরি বিএসির চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক আশিস ঠাকুর, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। স্বাগত বক্তব্য রাখেন কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক আশিস বিশ্বাস। অনুষ্ঠানের অতিথিগণ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের শুভেচ্ছা জানান।







