অনলাইন ডেস্ক, ০৮ জুলাই, ২০২৬: গতকাল রাত থেকে অবিরাম ভারী বৃষ্টির ফলে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী ও কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকা এবং তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার খোয়াই নদী সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে জলস্তর বৃদ্ধি পেয়ে একাধিক এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি মুঙ্গিয়াকামী ব্লকের কিছু ভূমিধসপ্রবণ এলাকা থেকেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ১৪টি আশ্রয় শিবির খোলা হয়েছে।
সেখানে ৫৭৮টি পরিবারের মোট ১,৭০৩ জন আশ্রয় নিয়েছেন। সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার চালিয়ে জলপ্লাবিত এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় শিবিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। আশ্রয় শিবিরগুলিতে আশ্রিতদের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এদিন তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে আশ্রিতদের খোঁজখবর নেন বিধায়ক তথা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাঁর সঙ্গে মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন।
অপরদিকে, তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার জলপ্লাবিত অঞ্চল পরিদর্শন করেন পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মহকুমাভিত্তিক ডিজাস্টার রেসপন্স টিমকে সম্পূর্ণ সক্রিয় রাখা হয়েছে। বিদ্যুৎ, পুলিশ, পূর্ত, আপদমিত্র, তহশিল, পঞ্চায়েত এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ সমন্বিতভাবে মাঠে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।








