অনলাইন ডেস্ক,১৫ জুলাই , ২০২৬: সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গতকাল তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী সাহা রায়, সমবায় দপ্তরের রেজিস্ট্রার দশরথ দেববর্মা এবং দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। কার্যালয়ে পৌঁছালে সমবায় মন্ত্রীকে স্বাগত জানান তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান নীতিন সাহা।
পরিদর্শনকালে মন্ত্রী সোসাইটির সার্বিক কার্যক্রম, কৃষিপণ্য সংগ্রহ ও বিপণন ব্যবস্থা, সদস্যদের বিভিন্ন পরিষেবা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শুনেন। আলোচনায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার রাজ্যের প্রাথমিক বিপণন সমবায় সমিতিগুলিকে আরও শক্তিশালী, আধুনিকিকরণ ও কার্যকর করে তুলতে বদ্ধপরিকর।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার ব্যবস্থাকে আরও সুসংহত করা, উন্নত বিপণন সুবিধা সৃষ্টি এবং তৃণমূল স্তরে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, সমবায় ব্যবস্থার বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, কৃষকদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যে রাজ্য সরকার সমবায় প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিকীকরণ এবং পরিষেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী সোসাইটির উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।









