অনলাইন ডেস্ক, ২০ জুলাই, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে আজ জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিলা পরিষদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতি বিষ্ণুপদ দাস। সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কমিটির অন্যান্য সদস্য সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক জানান, চলতি অর্থবছরে পশ্চিম জেলার ৪টি বিদ্যালয় সংস্কার করা হবে।
এই বিদ্যালয়গুলি হলো বেলবাড়ি ব্লকের জন্মেজয়নগর এইচ.এস. স্কুল, পুরাতন আগরতলা ব্লকের ধূপছড়া এস.বি. স্কুল, বামুটিয়া ব্লকের রাঙ্গুটিয়া রঞ্জিৎ পাঠশালা এবং দুর্গাবাড়ি কলোনী এস.বি. স্কুলের মিড-ডে-মিলের রান্নাঘর সহ অন্যান্য পরিকাঠামো। এই কর্মসূচির বাস্তবায়নে ব্যয় হবে ১২ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া সভায় বালিকা মঞ্চ গঠন ও কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয় আগামী আগস্ট মাসে খয়েরপুর পল্লীমঙ্গল এইচ.এস. স্কুলে পশ্চিম জেলাভিত্তিক বালিকা মঞ্চের কর্মসূচি নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হবে।
স্বাস্থ্য দপ্তরের পশ্চিম জেলা আধিকারিক সভায় জানান, জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে নিয়মিত ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য রক্ত পরীক্ষা চলছে। এছাড়া ম্যালেরিয়া প্রতিরোধের জন্য মশার প্রতিষেধক ডিডিটি স্প্রে ও মশারি বিতরণের কাজও চলছে। সভায় স্বাস্থ্য আধিকারিকের সাথে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবা আরও উন্নত করার বিষয় নিয়েও আলোচনা হয়। যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক জানান, গত ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক হেলদি এইজিং এই থিমের উপর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া বাধারঘাট দশরথদেব স্টেডিয়ামে স্কাউট ও গাইডসদের নিয়ে পশ্চিম জেলাভিত্তিক যোগা দিবসও উদযাপন করা হয়েছে। সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিকও বিভিন্ন সামাজিক শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করেন।









