অনলাইন ডেস্ক, ২০ জুলাই, ২০২৬: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। আজ বিকেলে ঊনকোটি কলাক্ষেত্র অডিটোরিয়ামে বৈকুণ্ঠনাথ তারকভূষণ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত প্রাণীপালনকারী পরিবারগুলোর মধ্যে শূকরছানা বিতরণ এবং মহিলা ফুটবলারদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং গ্রামগুলোকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি, ক্রীড়া প্রতিভার বিকাশে প্রতিটি জেলায় আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা কাজও এগিয়ে চলেছে।
রাজ্যপাল ঊনকোটি জেলার চা-বাগান শ্রমিকদের কল্যাণে বৈকুণ্ঠনাথ তারকভূষণ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, চা-শ্রমিক পরিবারের শিশুদের মধ্যে ফুটবলকে উৎসাহিত করার মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই এবং তাদের জন্য উন্নত জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার যে প্রচেষ্টা ট্রাস্ট গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এদিন রাজ্যপাল ‘ফুলো ঝানু’ উদ্যোগের আওতায় বৈকুণ্ঠনাথ তারকভূষণ মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে যুক্ত ৩০ জন মহিলা ফুটবলারের হাতে সাইকেল তুলে দেন। পাশাপাশি, তাদের পরিবারের জীবিকা নির্বাহে সহায়তার উদ্দেশ্যে শূকরছানাও বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি পুরপরিষদের চেয়ারপার্সন চাপলা রাণী দেবরায়, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, পুলিশ সুপার সুধাম্বিকা আর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈকুণ্ঠনাথ তারকভূষণ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রণব রায় স্বাগত বক্তব্য রাখেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।








