অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৬: শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ তেলিয়ামুড়ার কবি নজরুল বিদ্যা ভবন (দ্বাদশ বিদ্যালয়)-এ নবম শ্রেণির ৬৮ জন ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও নিরাপদ করা, সময় সাশ্রয়, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সূচনা হয় বৃক্ষে জল সিঞ্চনের মধ্য দিয়ে। এরপর উপস্থিত অতিথিবৃন্দ নবম শ্রেণির ৬৮ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন। উল্লেখ্য, বিদ্যালয়গামী ছাত্রীদের শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলতে শিক্ষা দপ্তর গত কয়েক বছর ধরে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক ও বিধায়ক কল্যাণী সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার মনোরঞ্জন গোপ, বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেফাল চন্দ্র দাসসহ অন্যান্য বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে, যাতে কোনো ছাত্র-ছাত্রী আর্থিক বা যোগাযোগজনিত সমস্যার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, এই বাইসাইকেল বিতরণ কর্মসূচি ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা-র নেতৃত্বাধীন রাজ্য সরকার নারী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিটি কন্যাশিশুর জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের আত্মনির্ভর ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।









