অনলাইন ডেস্ক, ২৯ জুলাই, ২০২৬: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় আজ খোয়াই নিউ টাউনহলে জেলা স্তরের গুরু পূর্ণিমা উদযাপন-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই আর.ডি. ব্লকের এস.সি. সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং খোয়াই জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সজল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র কুমার দাস।
গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ভারতীয় সংস্কৃতিতে গুরু-শিষ্য পরম্পরার গুরুত্ব, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে শিক্ষকদের অবদানের উপর আলোকপাত করেন। তাঁরা নতুন প্রজন্মকে আদর্শ, শৃঙ্খলা ও মূল্যবোধসম্পন্ন জীবন গড়ে তুলতে গুরুর নির্দেশনা অনুসরণের আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা।
অনুষ্ঠানে খোয়াই জেলার বিশিষ্ট শিক্ষাবিদ কাজল দাস, বিশিষ্ট শিক্ষাবিদ বীথি ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন গিরি, প্রখ্যাত অংকন শিল্পী শ্যামল ভট্টাচার্য, বিশিষ্ট পুরোহিত হরিপদ দেববর্মা, ক্ষত্রীয় সমাজপতি অশোক দেববর্মাকে গুরু হিসাবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।








