অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: যান দুর্ঘটনা থেকে মানুষকে বিপদমুক্ত করে জীবন রক্ষা করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। ভারত সরকার সেই লক্ষ্যে ২০২৫ সাল থেকে যান দুর্ঘটনায় পতিতদের কাছে দ্রুত সাহায্য পৌঁছাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে ‘রাহ-বীর’ প্রকল্প চালু করেছে। আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে ভার্চুয়ালি বিভিন্ন জেলার জেলাশাসকদের অংশগ্রহণের মধ্য দিয়ে এক অনুষ্ঠানে রাহ-বীর ২০২৬ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর প্রথম এক ঘন্টা সময় যাকে গোল্ডেন আওয়ার বলে, এই সময়ে চিকিৎসার সুযোগ পেলে মৃত্যু এড়ানো সম্ভব। এই গোল্ডেন আওয়ার বা দুর্ঘটনার পর এক ঘন্টার মধ্যে যে ব্যক্তি দুর্ঘটনাগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতালে নিয়ে আসবেন সেই সাহায্যকারীকেই রাহ-বীর পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
রাজ্যেও সড়ক দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ও উৎসাহ দিতে রাহ-বীর পুরস্কার প্রদান করা হচ্ছে। ভিডিও কনফারেন্স হলেই আয়োজিত এক অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী ৮ জনের হাতে রাহ-বীর ২০২৬ পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা করে অর্থ মূল্যের চেক ও শংসাপত্র তুলে দেন।
এরমধ্যে দুই জনকে যুগ্মভাবে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতদের মধ্যে গোমতী জেলার ৫ জন, ধলাই জেলার ২ জন এবং ঊনকোটি জেলার ১ জন রাহ-বীর রয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির সহ অন্যান্য আধিকারিকগণ।









