দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কুমারঘাটে বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন দুর্গোৎসব কুমারঘাট মহকুমায় সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আজ মহকুমা প্রশাসন থেকে বিভিন্ন ক্লাব ও দুর্গোৎসব উদ্যোক্তা কমিটির সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিধায়ক ভগবান চন্দ্র দাস আশা প্রকাশ করেন, পূর্বের ঐতিহ্যের ন্যায় এবারও বিভিন্ন ক্লাব ও পূজা উদ্যোক্তা কমিটির সদস্যরা প্রশাসনের নিয়ম-নীতি মেনে উৎসব আয়োজন করবেন।

সভায় মহকুমা শাসক শুভম মিনা বলেন, আগামী ৭ অক্টোবরের মধ্যে দুর্গোৎসব আয়োজনের জন্য মহকুমা প্রশাসনের কাছে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে পূজা উদ্যোক্তা কমিটিগুলোকে আবেদন করতে হবে। এর ভিত্তিতে প্রশাসন পূজা আয়োজনের অনুমোদন দেবেন। এ ক্ষেত্রে পূজা উদ্যোক্তা কমিটিগুলোকে পূজা আয়োজনের নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে চলতে হবে। মহকুমা পুলিশ আধিকারিক ডেভিড দেব্বর্মা আইন-শৃঙ্খলা রক্ষায় কি কি করণীয় সে নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও সভায় তাদের মতামত প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম, কুমারঘাট পুর পরিষদের ডেপুটি সিইও শুভঙ্কর সেন, ডিসিএমগণ সমাজসেবী অনিমেষ সিনহা প্রমুখ।

Recent Posts