অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর, ২০২৬: গতকাল সন্ধ্যায় মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গনে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভেল এর উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেব রায়। উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, প্রতিবছর মহালয়াকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া প্রতি অমাবস্যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে মাতৃবন্দনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পর্যটন শিল্পের পরিকাঠামো উন্নতি হওয়ায় বর্তমানে রাজ্যে পর্যটকের সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের আগমনের ফলে পর্যটন কেন্দ্রগুলির আসেপাশে বসবাসকারী মানুষের আর্থ সামাজিক অবস্থারও অনেক উন্নতি হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোজ সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং গোমতী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।








