আর.বি.এস.কে কর্মসূচিতে নতুন জীবন ফিরে পেল শিশু অনামিকা

অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৬: সিপাহীজলা জেলার অন্তর্গত গোকুলনগর গ্রামের বাসিন্দা ৫ বছর ৫ মাস বয়সী শিশু অনামিকা দে জন্মগত হৃদরোগে আক্রান্ত ছিল। শিশুটির পিতার নাম অমিত কুমার দে এবং মাতার নাম বেবি দেব দে।গত ২৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বিশালগড় মহকুমা হাসপাতালের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের (আর.বি.এস.কে.) টিমের উদ্যোগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের চৌমুহনী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার সময় শিশুটির জন্মগত হৃদরোগ শনাক্ত করা হয়।

রোগটি শনাক্ত হওয়ার পর আর.বি.এস.কে. টিমের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয় এবং উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য শিশুটিকে চেন্নাইয়ের চিলড্রেনস অ্যাপোলো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।পরবর্তীতে ১৪ অক্টোবর শিশুটিকে চেন্নাইয়ের চিলড্রেনস অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গত ২১ অক্টোবর তার হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ২৬ অক্টোবর শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।অস্ত্রোপচারের পর বিশালগড় আর.বি.এস.কে. টিমের পক্ষ থেকে শিশুটির নিয়মিত খোঁজখবর ও ফলো-আপ করা হচ্ছে। সর্বশেষ গত ১৭ নভেম্বর শিশুটির ফলো-আপ করা হয়।

বর্তমানে শিশু অনামিকা সুস্থ রয়েছে এবং অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আর.বি.এস.কে. কর্মসূচির মাধ্যমে সময়মতো রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় সহযোগিতা এবং উন্নত চিকিৎসার সুযোগ পাওয়ায় শিশুটির পরিবার অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছে।

আর.বি.এস.কে. কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো শিশুদের জন্মগত ত্রুটি, বিভিন্ন রোগ ও শারীরিক সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বহিঃরাজ্যে উন্নত চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশু অনামিকা নতুন করে সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছে। শিশুটির সফল চিকিৎসায় তার পরিবার আর.বি.এস.কে. টিম এবং স্বাস্থ্য দপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।