আগরতলা, ২ নভেম্বর : রবিবার সকালে এনসিসি থানাধীন ইন্দ্রনগর কালীটিলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে গাড়ির গ্যারেজ থেকে যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল চোর। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে আটক করে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
রবিবার সকালে ওই বাড়ির গাড়ির গ্যারেজ থেকে যন্ত্রাংশ নিয়ে বের হওয়ার সময় স্থানীয়দের নজরে আসে অভিযুক্ত। সন্দেহ হওয়ায় তাঁরা তাকে আটক করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দ্রনগর কালীটিলা এলাকায় বেশ কিছুদিন ধরেই বাড়িঘরে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে একটি বাড়িকে কেন্দ্র করে বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত একই বাড়িতে মোট চারবার চুরির অভিযোগ উঠেছে। গত অষ্টমীর দিন বিকেলেও বাড়িটিতে চুরির ঘটনা ঘটে। পাশাপাশি বাড়ির গ্যারেজ ছাড়াও মালিকের চন্দ্রপুরে অবস্থিত গোডাউনের টিনের বেড়া কেটে বারবার বিভিন্ন যন্ত্রাংশ চুরি করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।
বারবার চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাসিন্দাদের অভিযোগ, প্রতিটি ঘটনার পর পুলিশকে জানানো হলেও চুরি রোধে পুলিশের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চোরের দৌরাত্ম্য ক্রমশ বেড়েছে বলে দাবি তাঁদের।
রবিবার অভিযুক্তকে হাতেনাতে আটক করতে সক্ষম হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার চুরির ঘটনার কথা পুলিশকে জানানো সত্ত্বেও সময়মতো যথাযথ পদক্ষেপ করা হয়নি। শুরুতেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে বারবার এমন চুরির ঘটনার পুনরাবৃত্তি ঘটত না বলে মনে করছেন তাঁরা।
এদিন এলাকাবাসী জানান, আটক ব্যক্তিকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করে চুরির সঙ্গে তার যোগসূত্র এবং অতীতের ঘটনাগুলির সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখবে বলে আশা করছেন স্থানীয়রা।









