২ নভেম্বর, ২০২৬; গত ৩১ অক্টোবর গোমতী জিলা পরিষদের সভাগৃহে আসন্ন দেওয়ালি মেলা উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। সভায় অন্যান্যদের মধ্যে উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজিৎ ধর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা টিঙ্কু বিশ্বাস সহ উপকমিটির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। সভায় আলোচনায় অংশ নিয়ে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় জানান, আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দেওয়ালি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সভাধিপতি জানান, অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজ্যের এবং বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীদের দেওয়ালি মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট শিল্পী কার্তিক বাউল এবং পদ্মপলাশকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। এছাড়াও প্রতিবেশী আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে একটি বিশিষ্ট শিল্পীদলকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, এছাড়াও রাজ্যের সবকটি জেলার জাতি-জনজাতি শিল্পীগণ বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। তিনি বলেন, আগামী ৮, ৯ এবং ১০ নভেম্বর এই তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য রূপরেখা তৈরি করা হয়েছে।








