মোহনপুরে রক্তদান শিবিরের মাধ্যমে ডিওয়াইএফআই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ২ নভেম্বর : রক্তদানকে মানবিক দায়বদ্ধতার অন্যতম নিদর্শন হিসেবে তুলে ধরে ব্যতিক্রমী উদ্যোগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সংগঠনের মোহনপুর বিভাগীয় কমিটি। রবিবার কামালঘাটে প্রাক্তন যুব নেতা তথা সিপিআই(এম)-এর মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথের বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে সংগঠনের এই উদ্যোগে এগিয়ে আসেন বহু স্বেচ্ছাসেবী। রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালনের বার্তা দিয়ে শিবিরে অংশগ্রহণকারীরা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

রক্তদান শিবিরে উপস্থিত থেকে কর্মসূচিকে উৎসাহিত করেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক তথা বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, সংগঠনের সভাপতি সুকান্ত ভৌমিক, বিক্রমজিৎ পাল-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শিবিরে রক্তদাতাদের পাশাপাশি জিবিপি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদেরও উপস্থিতি ছিল। তাঁদের সহযোগিতায় রক্তদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বিধায়ক নয়ন সরকার জানান, সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে জনকল্যাণমূলক উদ্যোগের মধ্য দিয়ে উদযাপন করতেই এই রক্তদান শিবিরের আয়োজন। হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের প্রয়োজনে যাতে রক্তের অভাব না হয় এবং রক্তের জোগান স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রক্তদানের মতো মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে, এদিন আগরতলায় শাসক দল বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন বিধায়ক নয়ন সরকার। তাঁর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্য—উভয় স্থানেই বিজেপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও গণতন্ত্র রক্ষার নামে কার বিরুদ্ধে এই কর্মসূচি? গণতন্ত্র ও অরাজকতার প্রশ্নে শাসক দলের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

মোহনপুর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন নয়ন সরকার। তাঁর এই অভিযোগকে কেন্দ্র করে নির্বাচনের আগে মোহনপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Recent Posts

৪ নভেম্বর থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ODI সিরিজ়ে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে সোমবার ইডেন পার্কে প্রস্তুতিতে কোনও খামতি রাখলেন না অধিনায়ক শুবমান গিল। প্রায় তিন ঘণ্টা ধরে নেটে ব্যাটিং অনুশীলন করার পাশাপাশি ফিল্ডিং প্র্যাকটিসও সারলেন তিনি। বিদেশের মাটিতে ব্যাট হাতে নিজের দক্ষতার প্রমাণ দিতে যে মরিয়া গিল, তাঁর প্রস্তুতিতেই মিলল সেই ইঙ্গিত। অন্য দিকে, আগের দিন আকিব নবির বলে নেটে সমস্যায় পড়লেও এ দিন অনুশীলনে দেখা গেল না বিরাট কোহলিকে। শুধু কোহলি নন, রোহিত শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়ও ইনডোরে অনুশীলন করেন। ফলে দলের বাকি তারকাদের থেকে আলাদা করে নজর কাড়ল গিলের দীর্ঘ অনুশীলন। কেন এতটা সময় ধরে প্রস্তুতি সারলেন ভারত অধিনায়ক? এবার কি বিশেষ কোনও পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চলেছেন তিনি?